মফস্বল সংবাদ

লক্ষ্মীপুর-রামগতি সড়কে অবরোধ ॥ দ্রুত সংস্কারের দাবি

যানচলাচলের অনুপযোগী লক্ষ্মীপুর-রামগতি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঐক্যবদ্ধ এলাকাবাসী। সম্প্রতি সদর উপজেলার মিয়া রাস্তার মাথা নামক স্থানে মানববন্ধন শেষে দুপুর পর্যন্ত এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। একই সময় লক্ষ্মীপুর-রামগতি সড়কের নুড়িগাছতলা, ভবানীগঞ্জ চৌরাস্তা, মিয়ার বেড়িসহ কয়েকটি স্থানেও স্থানীয়রা অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় রাস্তায় শুয়ে থেকে, টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। অবশ্য খবর পেয়ে সকালে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোরপূর্বক অবরোধ সরিয়ে দেয়। পুলিশ ফিরে আসার পর একই স্থানে ফের অবরোধ করে জনতা। এভাবে পুলিশের সঙ্গে লুকোচুরি করে দুপুর পর্যন্ত জনতা অবরোধ কর্মসূচি পালন করে।

সদর থানার এএসআই মোঃ শফি জানান, লক্ষ্মীপুর-রামগতি সড়কের বিভিন্ন স্থানে এলাকাবাসী অবরোধ করে। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় পুলিশ আলাপ-আলোচনা করে অবরোধকারীদের সরিয়ে দেয়।
     
lbheading